দক্ষিণ পূর্ব

ছাত্রলীগ নেতাকে মুক্তি না দেওয়ায় চট্টগ্রামে জেল সুপারকে শোকজ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৪ সকাল
পঠিত : ৪৩
ছাত্রলীগ নেতাকে মুক্তি না দেওয়ায় চট্টগ্রামে জেল সুপারকে শোকজ

ছবি

হাইকোর্টের জামিনের আদেশ পাওয়ার পরও এক হাজতি আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি না দেওয়ায় কারাগারের সিনিয়র জেল সুপারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন। নোটিশে দুই কর্মদিবসের মধ্যে ওই আসামিকে মুক্তি না দেওয়ার কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

ওই হাজতি আসামি ইলিয়াছ হোসেন। তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক এবং নগরের চকবাজার এলাকার বাসিন্দা। গত ৬ জুন সন্ত্রাসবিরোধী আইনে করা পৃথক তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী এফ এম আনসার উল্লাহ জানান, গত ৭ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানায় করা একটি মামলায় ইলিয়াছ হোসেনকে এক বছরের অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। নিয়ম অনুযায়ী জামিননামার কপি নিম্ন আদালতে দাখিল করা হয়। পরে গত বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জামিননামার কপি গ্রহণ করে।

তবে জামিননামা গ্রহণের পর ২৪ ঘণ্টা পার হলেও ইলিয়াছকে মুক্তি দেওয়া হয়নি বলে দাবি করেন তার আইনজীবী। তিনি বলেন, ইলিয়াছের বিরুদ্ধে অন্য কোনো মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট (পি-ডব্লিউ) বা কাস্টডি ওয়ারেন্ট (সি-ডব্লিউ) মুলতবি ছিল না।

আইনজীবীর দাবি, হাইকোর্টের জামিন আদেশের পরও তাকে মুক্তি না দেওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়। এরপর আদালত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেন।

এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, এক দিনে দুই শতাধিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে কাউকে আটকে রাখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, হাজতি ইলিয়াছের নথিপত্রে হয়তো কারিগরি কোনো জটিলতা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে লিখিত জবাব দেওয়া হবে। অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে সে জন্য ক্ষমা চাওয়া হবে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।