ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে অজ্ঞাত বস্তুর হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ‘এমএসভি আল জুসুফি’ নামের ওই মালবাহী জাহাজে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওমানের উপকূলরক্ষী বাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুরুতর আহত অবস্থায় প্রাণ হারিয়েছেন গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধার নাহিম আজিজ।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মার্চেন্ট শিপিং খাতে সবচেয়ে বেশি নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে ৩ লাখ ২০ হাজারের বেশি সক্রিয় নাবিক রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিকের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এদিকে, বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বারবার নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা ও অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে দেশটি।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।