দক্ষিণ পূর্ব

তিন মাসের বেতন-ভাতার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিকদের মানববন্ধন

Jalal Rumi
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৮ সকাল
পঠিত : ১৮
তিন মাসের বেতন-ভাতার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিকদের মানববন্ধন

ছবি-দক্ষিণপূর্ব

চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানা মডিস্ট সিইপিজেড লিমিটেডের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজকদের দাবি, মানববন্ধনে কারখানাটির প্রায় ৬৫০ থেকে ৭০০ শ্রমিক-কর্মচারী অংশ নেন। কর্মসূচি শেষে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, কারখানাটিতে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কর্মরত। এর মধ্যে স্টাফ পর্যায়ের তিন মাস এবং শ্রমিক পর্যায়ের দুই মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এ ছাড়া অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।

তাদের অভিযোগ, গত দেড় বছর ধরে কারখানা কর্তৃপক্ষ নিয়মিত সময়ে বেতন-ভাতা পরিশোধ করছে না। বেতন দেওয়ার কথা বলে বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা আর্থিক সংকটে পড়েছেন। বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় ও সন্তানদের পড়াশোনার খরচ চালাতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।

স্মারকলিপিতে শ্রমিকেরা আরও অভিযোগ করেন, বেতনের ৮ দশমিক ৩৩ শতাংশ হারে জমা হওয়ার কথা থাকা প্রভিডেন্ট ফান্ডের অর্থও মালিকপক্ষের কাছে রয়েছে। তবে ওই অর্থের কোনো সুনির্দিষ্ট হিসাব তারা পাচ্ছেন না।

শ্রমিকেরা জানান, বেতন-ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে এর আগেও তারা চট্টগ্রাম ইপিজেডের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কাছে গেছেন। তবে দীর্ঘদিনেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেও বেপজা কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ তাদের।

শ্রমিকদের ভাষ্য, তারা নিয়মিত উৎপাদন কার্যক্রম সচল রাখলেও মাস শেষে প্রাপ্য বেতন সময়মতো পাচ্ছেন না। কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা দীর্ঘদিন কঠোর আন্দোলনে যাননি। তবে বেতন-ভাতা বকেয়া থাকায় বর্তমানে তাদের পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে।

স্মারকলিপিতে কারখানাটির আর্থিক পরিস্থিতি তদন্তের পাশাপাশি বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংকটের টেকসই সমাধানে দ্রুত হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিকেরা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।