দক্ষিণ পূর্ব

দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩ দুপুর
পঠিত : ২২
দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ছয় দফা দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট, কৃষকের সার না পাওয়া, ব্যবসায়ীদের চাঁদাবাজির শিকার হওয়া, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা সমস্যার সমাধানের দাবিতেই ১১ দলীয় জোট রাজপথে নেমেছে।শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পান? কৃষকরা কি সময়মতো সার পান? ব্যবসায়ীরা কি চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারেন? কুমিল্লায় দুর্নীতি আছে কি না—আছে। এসব সমস্যার সমাধান চান বলেই আমরা রাস্তায় নেমেছি।’তিনি জানান, ছয় দফা দাবি আদায়ে শুরু হওয়া লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। সরকার দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করার ঘোষণা দেন তিনি।গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে ঢাকা–চট্টগ্রাম লংমার্চের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্যজোট। পথসভায় কুমিল্লাকে বিভাগ করার দাবির বিষয়টিও তুলে ধরেন জামায়াত আমির।কুমিল্লাবাসীর উদ্দেশে তিনি বলেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ করা হলেও একই সময়ে কুমিল্লাকে বিভাগ করার দাবি উঠেছিল। কিন্তু কুমিল্লাকে বিভাগ করা হয়নি। প্রশ্ন তুলে তিনি বলেন, ‘তাহলে কুমিল্লাবাসীর অপরাধ কী?’সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা না করে দ্রুত তা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন উল্লেখ করে তাদের দাবিও বিবেচনার আহ্বান জানান তিনি। তবে দীর্ঘদিনের দাবি বিবেচনায় কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়নের দাবি করেন।কুমিল্লার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের বাড়ির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো ব্যক্তির পরিচয় বা অতীতের কারণে একটি জেলার মানুষের প্রতি বিরাগ দেখানো উচিত নয়। কোনো জেলার নামকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা হলে তা ওই জেলার নাগরিকদের অপমানের শামিল বলেও মন্তব্য করেন তিনি।কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়টি যাচাই-বাছাই করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কুমিল্লায় ইপিজেড রয়েছে, তাই বিমানবন্দর চালু হলে অর্থনৈতিক কার্যক্রম আরও বাড়তে পারে।তবে তাঁর মতে, এর আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা জরুরি। বিভাগ হলে প্রশাসনিক বিভিন্ন সেবা পেতে কুমিল্লার মানুষকে আর চট্টগ্রামে যেতে হবে না।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সরকার রক্ষা করছে না।স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘যদি নিজ মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকতে চান, তাহলে অন্য সব দায়িত্ব ছেড়ে দিয়ে আগে নিজের মন্ত্রণালয়ের পরিস্থিতি ঠিক করুন।’দেশের যুবসমাজকে রক্ষা এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীসহ অন্য নেতারা। 
আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।