দক্ষিণ পূর্ব

নাজিরহাট হাসপাতাল এখনো ফ্যাসিস্টদের দখলে: মহিউদ্দিন আজম

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৪ সকাল
পঠিত : ৫৮
নাজিরহাট হাসপাতাল এখনো ফ্যাসিস্টদের দখলে: মহিউদ্দিন আজম

ছবি

ফটিকছড়ির নাজিরহাট হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতা এ.কে.এম. মহিউদ্দিন আজম তালুকদার। তিনি অভিযোগ করেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও নাজিরহাট হাসপাতাল একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নাজিরহাট হাসপাতালের সামনে স্থানীয় নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

এ.কে.এম. মহিউদ্দিন আজম তালুকদার ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির নেতা।

বক্তব্যে তিনি বলেন, ‘নাজিরহাট হাসপাতাল গত ১৭ বছর ফ্যাসিস্টদের দখলে ছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও ফ্যাসিস্টদের অন্যতম দোসর হিসেবে পরিচিত ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পলাতক নাজিম উদ্দীন মুহুরীর ভাই চিকিৎসক জয়নাল আবেদীন মুহুরীর নেতৃত্বে হাসপাতালটি একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এর ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। টাকা ছাড়া রোগীদের সিট না দেওয়ার পাশাপাশি সরকারি ওষুধ বাইরে বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে।

এছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিতে ৪ থেকে ৫ হাজার টাকা ভাড়া দাবি করে বলে অভিযোগ করেন তিনি। হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার অভিযোগও তুলে ধরেন মহিউদ্দিন আজম। একই পরিবারের পাঁচজন সদস্য হাসপাতালের বিভিন্ন পদে চাকরি করছেন বলেও তিনি দাবি করেন।

মহিউদ্দিন আজম বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে এই সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক, সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নাজিরহাট হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। আন্দোলন-সংগ্রামও অব্যাহত থাকবে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় নাগরিক ঐক্য পরিষদের নেতা হুমায়ুন চৌধুরী ওরফে ডন হুমায়ুন। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট মহসিন, মাস্টার আফসার উদ্দিন চৌধুরী, আসাদ কাজল, নজরুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।