দক্ষিণ পূর্ব

নিউইয়র্ক-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: এমপি সরোয়ার আলমগীর

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৭ দুপুর
পঠিত : ৬৩
নিউইয়র্ক-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: এমপি সরোয়ার আলমগীর

ছবি সংগৃহীত

নিউইয়র্কের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার আয়োজনে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে তাকে সংগঠনের আজীবন সদস্যপদ ও সম্মাননা দেওয়া হয়।

সরোয়ার আলমগীর বলেন, নিউইয়র্ক-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কাজ করছে। অচিরেই এ বিমান যোগাযোগ চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্লট বরাদ্দের দাবি জানানো হয়। এ বিষয়ে সরোয়ার আলমগীর সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। সমিতির সঙ্গে সিডিএর সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বলেন, প্রবাসীদের বিভিন্ন ধরনের সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে বিশ্বশান্তি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার বিষয়টিও অনুষ্ঠানে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আরিফুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।