পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে নিরাপদ সড়ক চাইয়ের এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশু যদি অন্তত একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণের চেতনাকে ধারণ করে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার যত্ন নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী সেবামূলক সংস্থা আয়ুব-বিবি ট্রাস্ট পরিচালিত আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়ুব-বিবি ট্রাস্ট ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলীর সভাপতিত্বে এবং নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. রিদুয়ানুল ইসলাম, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ নুর আহমদ, আয়ুব-বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজ আহমদ এবং আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্কুল শাখার প্রধান শিক্ষক মো. মনজুর আলম।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আজিম আলী বলেন, একটি গাছ রোপণ শুধু একটি চারা লাগানো নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা, গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।