চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের সদস্য (রুকন)দের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সাতকানিয়ার কেরানীহাটস্থ সী ওয়ার্ল্ড রেস্টুরেন্টের হলরুমে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমানই হচ্ছে উত্তম হাতিয়ার। তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের যোগ্যতা, দক্ষতা ও নৈতিক মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শিক্ষাশিবিরে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে রুকনদের নৈতিক চরিত্র গঠন, পবিত্র কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন, ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়া এবং মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জ্ঞান অর্জন, চিন্তার বিকাশ এবং আমলী জীবনের উন্নয়নে এ ধরনের শিক্ষাশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি রুকনদের অর্জিত জ্ঞান ও শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।