দক্ষিণ পূর্ব

শুভেন্দুকে সরোয়ার আলমগীর

‘বাংলাদেশ নিয়ে নয়, নিজের দেশ নিয়ে মাথা ঘামান’

Istiyak
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০০ দুপুর
পঠিত : ৪৬
‘বাংলাদেশ নিয়ে নয়, নিজের দেশ নিয়ে মাথা ঘামান’

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ নিয়ে মাথা না ঘামিয়ে নিজের দেশের বিষয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

তিনি অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে উসকানিমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরোয়ার আলমগীর। তাঁর বক্তব্যের বিষয়টি আজকের একাধিক স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে সরোয়ার আলমগীর বলেন, ‘আপনি আপনার দেশ নিয়ে মাথা ঘামান। আপনার দেশে গত এক মাসে মুসলিম পাড়ায় পানি পাওয়া যায়নি, অথচ এ দেশে হিন্দু এলাকায় এক সেকেন্ডের জন্যও পানির অভাব হয়নি।’

তিনি বলেন, ‘শুভেন্দু চাচ্ছেন এ দেশে উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—যাঁরা এ দেশে বাস করি, সবাই ঐক্যবদ্ধ আছি।’

সরোয়ার আলমগীর বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কোনো ধরনের উসকানি বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি।’ অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সরোয়ার আলমগীর আরও বলেন, ‘পাহাড়ি-সমতল কিংবা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাইকে নিয়ে দেশ গড়তে হবে। যে–কোনো ধরনের গুজব ও উসকানিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন অতিথিরা। র‍্যালিটি বিবিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, মিহির চক্রবর্তী, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, অধ্যাপক দয়াল, অ্যাডভোকেট মিহির, জুয়েল চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, রোপন ভোমিক, মিন্টু নাথ, সাগর দে-সহ সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

জেএফআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।