চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে বাসি খাবার সংরক্ষণ, ক্ষতিকর রং মেশানো মরিচ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও খাবারে তেলাপোকার বিচরণসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় তিনটি রেস্টুরেন্টকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেওয়ানহাট মোড় সংলগ্ন এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—গ্র্যান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আলিফ রেস্টুরেন্ট এবং ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
তদারকির সময় গ্র্যান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অননুমোদিত ক্ষতিকর রং মেশানো কাশ্মীরি মরিচ ব্যবহার করতে দেখা যায়। একই সঙ্গে বিক্রির উদ্দেশ্যে পচা ও দুর্গন্ধযুক্ত খাদ্যদ্রব্য ও পানীয় সংরক্ষণ করা হয়েছিল। সেখানে পচা ও দুর্গন্ধযুক্ত রান্না করা বাসি মুরগির চাপ, মুরগির মাংস, খিচুড়িসহ বিভিন্ন খাবার পাওয়া যায়।
এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে ফ্রিজের মধ্যে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অন্যান্য খাদ্যদ্রব্য অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আলিফ রেস্টুরেন্টে রান্না করা বাসি খাবার ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য রাখার প্রমাণ পাওয়া যায়। সেখানে খাদ্যদ্রব্যের মধ্যে তেলাপোকার বিচরণও দেখা যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, রান্না করা বাসি খাবার ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের দায়ে ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া দেওয়ানহাট মোড় সংলগ্ন এলাকার বিভিন্ন ফলের দোকানেও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।