ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১০ শিক্ষার্থী স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করার আগেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তারা এ সাফল্য অর্জন করেন। সুপারিশপ্রাপ্তদের মধ্যে চারজন মেধাতালিকায় শীর্ষস্থানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছেন। মো. হানিফ মিয়া চতুর্থ, সৈয়দা শাওলিন আক্তার আলো পঞ্চম, মোহিউদ্দিন ষষ্ঠ এবং পারভেজ রহমান ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।
এ ছাড়া সুপারিশপ্রাপ্ত অন্য শিক্ষার্থীরা হলেন ফজলে রুহানি, মো. আইনুল হক, মাহিয়া মারিয়াম, নাফিউল ফয়সাল পৃথুল, সুরাইয়া কবির ও এস এম বাকিবিল্লাহ।
আইন বিভাগের ৪৮তম ব্যাচের এসব শিক্ষার্থী বর্তমানে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত। স্নাতক শেষ করেই প্রথমবারের মতো বিজেএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার তিন ধাপ সফলভাবে অতিক্রম করেন তারা।
মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জনকারী সৈয়দা শাওলিন আক্তার আলো বলেন, ফল প্রকাশের পর নিজের রোল নম্বর দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ অর্জনের জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের খবর দেন।
প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়াশোনা অত্যন্ত গবেষণাভিত্তিক ও পরিশ্রমসাপেক্ষ। ক্লাস, পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট সামলে অতিরিক্ত সময় দিয়ে বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিতে হয়েছে তাকে।
অন্যদিকে, মেধাতালিকায় ১০৩তম স্থান অর্জনকারী নাফিউল ফয়সাল পৃথুল বলেন, ফল প্রকাশের পর পরিবারের সদস্যদের আনন্দ ও গর্ব তাকে গভীরভাবে স্পর্শ করেছে। পরিবারের সুখের কারণ হতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এই ১০ শিক্ষার্থীর সাফল্য বিচার বিভাগে প্রবেশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।