দক্ষিণ পূর্ব

শাটল ট্রেনের লাইভ লোকেশন জানাবে চাকসুর নতুন অ্যাপ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৭ বিকাল
পঠিত : ৪০
শাটল ট্রেনের লাইভ লোকেশন জানাবে চাকসুর নতুন অ্যাপ

ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত শাটল ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাকিং অ্যাপ চালু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। ‘শাটল ট্রেন ট্র্যাকার’ নামের এ অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা চলন্ত শাটল ট্রেনের অবস্থান সরাসরি জানতে পারবেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। এ সময় চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর, সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) আয়ুবুর রহমান তৌফিক, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমানসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় চাকসু অত্যন্ত উপকারী একটি উদ্যোগ নিয়েছে। ‘শাটল ট্রেন ট্র্যাকার’ শিক্ষার্থীদের ট্রেনের অবস্থান সহজে জানতে সহায়তা করবে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, ‘আমরা সবসময় চাকসুর পাশে আছি। শিক্ষার্থীদের কল্যাণে যারা দীর্ঘদিন পরিশ্রম করে অ্যাপটি তৈরি করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’ পরে তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন ঘোষণা করেন।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, অনেক দিন পর শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত শাটল ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে শাটল ট্রেনের অনাকাঙ্ক্ষিত বিলম্ব বা অন্যান্য কারণে শিক্ষার্থীদের সময় অপচয় কমবে। শিক্ষার্থীরা ট্রেনের লাইভ লোকেশন জানতে পারবেন।

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, চাকসুর নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি ছিল শাটল ট্র্যাকার অ্যাপ চালু করা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রায় পাঁচ মাস ধরে কাজ করে অ্যাপটির উন্নয়ন সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।