জনস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, বন্যপ্রাণী ও পরিবেশ, মৎস্য এবং কৃষি খাতের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিভাসুর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন।
সভায় নিবন্ধিত ১০১ জন সদস্যের মধ্যে ৮২ জন উপস্থিত ছিলেন। তাঁদের বিস্তারিত আলোচনা ও মতামতের ভিত্তিতে ১৫ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটিতে ওয়ান হেলথ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন। পাঁচটি গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধিদের যুগ্ম সমন্বয়ক করা হয়েছে। তাঁরা হলেন—জনস্বাস্থ্য বিভাগে ডা. মো. সরোয়ার আলম, প্রাণিস্বাস্থ্য বিভাগে প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বন্যপ্রাণী ও পরিবেশ বিভাগে প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, মৎস্য বিভাগে প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ এবং কৃষি বিভাগে ড. মো. মনিরুজ্জামান বাদল।
কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন প্রফেসর ডা. মো. বেলায়েত হোসেন ঢালী। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. এএসএম গোলাম কিবরিয়া এবং অফিস ও যোগাযোগ সম্পাদক হয়েছেন ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ডা. মো. আব্দুস সাত্তার, প্রফেসর ড. শামসুল মোর্শেদ, ডা. জাকিরুল ফরিদ, ডা. রুমানা রশীদ ও ডা. মো. মিনহাজুল আলম।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ কমিটির মাধ্যমে জনস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, পরিবেশ, মৎস্য ও কৃষি খাতের পেশাজীবী, গবেষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হবে। পাশাপাশি মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের পথ সুগম হবে।
উল্লেখ্য, ওয়ান হেলথ একটি সমন্বিত স্বাস্থ্য ধারণা। এ ধারণায় মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্যকে পরস্পর সম্পর্কযুক্ত হিসেবে বিবেচনা করা হয়। এসব খাতের মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলাই এর মূল লক্ষ্য।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।