রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাজেক যাওয়ার পথে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহমান হৃদয় (২৪) ও মোহাম্মদ ইয়াসিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন (২৩) এবং পটুয়াখালীর সাইফুল ইসলাম (২৭)।
পুলিশ জানায়, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার অতিক্রম করার সময় ওই ছয়জন স্লোগান দেন। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে দুপুর ১টার দিকে তাদের পথরোধ করে আটক করা হয়।
ওসি তোফাজ্জল হোসেন বলেন, আটকরা স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছেন।
বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।