দক্ষিণ পূর্ব

সিএনজি সিন্ডিকেটের প্রতিবাদে চবির মূল ফটকে তালা দিল চাকসু

ইমাম উদ্দিন
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৫ দুপুর
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৬৮
সিএনজি সিন্ডিকেটের প্রতিবাদে চবির মূল ফটকে তালা দিল চাকসু

ছবি

গ্যাস সংকটের অজুহাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ১ নম্বর গেট রোডে সিএনজি ভাড়া বৃদ্ধি এবং পরবর্তীতে হঠাৎ গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় সিএনজি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মেইন গেইট বন্ধ করে দিয়েছে চাকসুর নেতৃবৃন্দ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গেটে তালা দিয়ে অবস্থান করে তারা। রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময় অবস্থান চলমান রয়েছে। 

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাস চলাচল আটকে দেওয়া হয়, ফলে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কোনো গাড়ি ক্যাম্পাসে ঢুকতে বা বের হতে পারছে না।

​শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকেই কোনো পূর্বঘোষণা ছাড়াই ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্টগামী সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে দেয়। শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিলেও চালকরা তা মানেনি। পরবর্তীতে কোনো প্রকার আলোচনা ছাড়াই সন্ধ্যা থেকে সিএনজি চালকরা একযোগে গাড়ি চালানো বন্ধ করে দেয়। এতে ১ নম্বর গেটে বিপুল সংখ্যক শিক্ষার্থী আটকা পড়েন।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁইয়া বলেন, "সিএনজি চালকরা সিন্ডিকেট তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রোভিসি) ও প্রক্টরিয়াল বডির সাথে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।"

​তিনি আরও বলেন, " ভাড়া বৃদ্ধি ও যানবাহন বন্ধের মাধ্যমে শিক্ষার্থীদের জিম্মি করার এই সিন্ডিকেট ভেঙে সিএনজি চলাচল স্বাভাবিক করতে হবে, অন্যথায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কার্যকর বিকল্প পরিবহন ব্যবস্থা করতে হবে। এই দাবি আদায় এবং প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টের অবরোধ চলমান থাকবে।"

ভয়েস অব স্টুডেন্ট এর সভাপতি আশিকুর রহমান বলেন, "এখানে সিন্ডিকেট আছে, প্রশাসনের কাছে দাবি রাখব সিএনজি সিন্ডিকেট চুরমার করে দেওয়া হোক। আমি আশা করি প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখবে।" এ বিষয়ে জানতে চবি প্রক্টরের বক্তব্য পাওয়া যায়নি। 


ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।