দক্ষিণ পূর্ব

‘স্কুলজীবনের বন্ধন সবচেয়ে শক্তিশালী, অ্যালামনাই তা আরও দৃঢ় করে’

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৯ সকাল
পঠিত : ৩৮
‘স্কুলজীবনের বন্ধন সবচেয়ে শক্তিশালী, অ্যালামনাই তা আরও দৃঢ় করে’

ছবি

স্কুলজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষাজীবনে স্কুলের বড় ও ছোট মাঠে খেলাধুলা এবং নিয়মিত অ্যাসেম্বলিতে অংশ নেওয়ার স্মৃতি এখনও তাঁর মনে অমলিন। দীর্ঘদিন পর সেই প্রতিষ্ঠানের সহপাঠী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে আবারও সময় কাটানোর সুযোগ পাওয়া তাঁর জন্য আনন্দের ও ‘রিফ্রেশিং’ অভিজ্ঞতা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে কলেজিয়েট ক্লাব আয়োজিত ইনডোর স্পোর্টস জোনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্কুলজীবনের স্মৃতি এবং শিক্ষক-সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু পাঠ্যবই ও পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এখানেই জীবনের ভিত্তি তৈরি হয়। স্কুলজীবনে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ পরবর্তী শিক্ষাজীবন ও কর্মজীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্কুলজীবনে তৈরি হওয়া সেই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েই পরবর্তী শিক্ষাজীবন ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। রাজনীতির ব্যস্ততার বাইরে দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে এমন আয়োজনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত।

তিনি বলেন, মানুষের জীবনে স্কুলজীবনের বন্ধন সবচেয়ে শক্তিশালী। অ্যালামনাই ক্লাব সেই বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ করে দেয়। বহু বছর পর সাবেক শিক্ষার্থীদের একত্রিত হওয়া, পুরোনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক যোগাযোগ ধরে রাখার ক্ষেত্রে এ ধরনের সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিশেষ করে অবসরজীবনে থাকা সাবেক শিক্ষার্থীদের জন্য অ্যালামনাই ক্লাবের কার্যক্রম ইতিবাচক উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁরা এখানে এসে খেলাধুলা করতে পারেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন এবং নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে পারেন।

অ্যালামনাইয়ের সবচেয়ে বড় শক্তি পারস্পরিক সহযোগিতা উল্লেখ করে তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের ব্যক্তিগত, পারিবারিক, ক্যারিয়ার, চাকরি কিংবা ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত নানা সমস্যা থাকতে পারে। অ্যালামনাইয়ের সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব।

ইনডোর স্পোর্টস জোন প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে আমির খসরু বলেন, খেলাধুলার মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। পাশাপাশি নিয়মিত একত্রিত হওয়ার সুযোগের সঙ্গে সুস্থ বিনোদন ও শরীরচর্চার পরিবেশও তৈরি হবে।

কলেজিয়েট ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই সংগঠন রয়েছে। কলেজিয়েট ক্লাবও ভবিষ্যতে আরও কার্যকর ও শক্তিশালী হয়ে সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, অধ্যাপক ড. মোহীত উল আলমসহ সাবেক কলেজিয়েটিয়ান, সাবেক শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।