সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে সারি করে রাখা আটটি পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে ২১ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছিলেন মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’। চট্টগ্রামের রাউজানের এই কিশোর গ্যাং নেতাকে নোয়াখালীর কবিরহাট থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি, ভিডিও ও হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো তার নিজের নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ভিডিওতে কাপড়ের ওপর সারি করে রাখা আটটি পিস্তলের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তিকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি। সময় থাকতে পালিয়ে যাও। আমি তুফান।’
ভিডিওটি পুলিশের নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে অভিযান চালিয়ে নোয়াখালীর কবিরহাট থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর সদস্য মামুনের সহযোগী বাদশার ছেলে হিসেবে পরিচিত।
জিজ্ঞাসাবাদে হৃদয় জানান, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভাণ্ডারের সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, হৃদয় বিভিন্ন সময়ে মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং চাঁদা দাবি করতেন। সরাসরি অস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি ও ভিডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য অপরাধ, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে।
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের জেরে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এসব ঘটনার পর রাউজানে অপরাধপ্রবণ গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।