দক্ষিণ পূর্ব

১,৬৮৬ কোটি টাকায় আধুনিকায়ন হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১২:৫৪ দুপুর
পঠিত : ৪৬
১,৬৮৬ কোটি টাকায় আধুনিকায়ন হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস

ছবি

Degchibarictg

চট্টগ্রাম কাস্টম হাউসের অবকাঠামো ও কার্যক্রম আধুনিকায়নে নেওয়া হয়েছে ১ হাজার ৬৮৬ কোটি ৪৭ লাখ টাকার প্রকল্প। এর আওতায় নির্মাণ করা হবে ১৫ তলাবিশিষ্ট নতুন কার্যালয় ভবন, অত্যাধুনিক পরীক্ষাগার ও প্রশিক্ষণ একাডেমি। প্রকল্পটি বাস্তবায়িত হলে পণ্য খালাসের গড় সময় ২৫ শতাংশ কমানোর পাশাপাশি কাস্টমস কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে দেশের সর্বোচ্চ রাজস্ব আদায়কারী এই শুল্ক স্টেশনের কার্যক্রম আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হচ্ছে। গত ১ নভেম্বর থেকে সেখানে সাতটি শুল্কায়ন গ্রুপের কার্যক্রম শুরু হয়েছে। বাকি ছয়টি গ্রুপের কার্যক্রম ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিন জানান, নতুন অবকাঠামো নির্মাণের সময় প্রায় তিন বছর অস্থায়ী কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য বিদ্যমান স্থাপনাগুলো ভেঙে ফেলা হবে। তিনি বলেন, দেশের মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে পরিচালিত হয়। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়বে। পাশাপাশি শুল্ক প্রশাসন আরও প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও দক্ষ হবে।

বিশ্বব্যাংকের অর্থায়নে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাস্তবায়নাধীন ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের মূল লক্ষ্য পুরোনো অবকাঠামো প্রতিস্থাপন, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে সময় ও ব্যয় কমানো।

২০২৩ সালে অনুমোদিত প্রকল্প প্রস্তাব অনুযায়ী, এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ১ হাজার ৪৭৫ কোটি ৪৮ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৮৭ দশমিক ৪৯ শতাংশ। বাকি ২১০ কোটি ৯৯ লাখ টাকা দেবে সরকার। চট্টগ্রাম কাস্টম হাউস এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমিসহ অবকাঠামো উন্নয়ন ও সংশ্লিষ্ট কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১ হাজার ৪১৪ কোটি ৭১ লাখ টাকা।

বিদ্যমান ৬ দশমিক ৭৫ একর জায়গায় নির্মাণ করা হবে পরিবেশবান্ধব নতুন কাস্টম হাউস ভবন। এতে থাকবে তিনটি বেজমেন্ট, নিচতলা ও ১৫টি তলা। পাশাপাশি পৃথক পরীক্ষাগার ও গুদাম কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে থাকবে একটি বেজমেন্ট, নিচতলা ও ছয়টি তলা।

নতুন ভবনগুলোতে আধুনিক কাস্টমস পরীক্ষাগার, প্রশাসনিক কার্যালয়, নথি সংরক্ষণব্যবস্থা, গুদাম, মসজিদ, প্লাজা ও খাবারের দোকানের ব্যবস্থা থাকবে। পরীক্ষাগার চালু হলে আমদানি পণ্য পরীক্ষা, ঘোষণাপত্র যাচাই এবং মিথ্যা ঘোষণা ও রাজস্ব ফাঁকি শনাক্তে কর্মকর্তাদের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় ১২৩টি শ্রেণিতে মোট ১ হাজার ৬০২টি পরীক্ষাগার সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২৯ কোটি ৮৬ লাখ টাকা। এ ছাড়া ভবনগুলোতে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, বিদ্যুৎ-সাশ্রয়ী শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, বর্জ্যপানি শোধন ও উন্নত পানিনিষ্কাশনব্যবস্থাসহ বিভিন্ন পরিবেশবান্ধব সুবিধা রাখা হবে।

কাস্টমস কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়াতে পৃথক ৩৮ দশমিক ৬৭ একর জায়গায় নির্মাণ করা হবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমি। একাডেমির মূল ভবনে থাকবে একটি বেজমেন্ট, নিচতলা ও পাঁচটি তলা। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক আবাসিক ভবন ও ডরমিটরি নির্মাণ করা হবে।

একাডেমি প্রাঙ্গণে জ্যেষ্ঠ কর্মকর্তাদের আবাসন, তিন শ্রেণির ডরমিটরি, বিদ্যালয়, কেন্দ্রীয় মসজিদ, আনসার ব্যারাক, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা থাকবে। মহাপরিকল্পনায় আরও রয়েছে চিকিৎসাকেন্দ্র, কেন্দ্রীয় পুকুর, মুক্তমঞ্চ, সংরক্ষিত বনাঞ্চল, প্রজাপতি উদ্যান, উঁচু হাঁটাপথ ও পরিকল্পিত সবুজায়ন। দেশে-বিদেশে প্রশিক্ষণের সুযোগ তৈরির মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য।

শুধু অবকাঠামো নির্মাণ নয়, কাস্টমস সেবায়ও বড় ধরনের পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রকল্পে। প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য খালাসের গড় সময় ১১ দিন ৬ ঘণ্টা থেকে ২৫ শতাংশ কমিয়ে আনা হবে। একই সঙ্গে গ্রিন চ্যানেলের মাধ্যমে পণ্য খালাসের হার প্রায় শূন্য থেকে ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

ঝুঁকিভিত্তিক মূল্যায়ন ও কাস্টমস গোয়েন্দা কার্যক্রম জোরদার করে গুরুত্বপূর্ণ স্থল শুল্ক স্টেশনগুলোতে সরাসরি পণ্য পরীক্ষার হার প্রায় ২০ শতাংশ থেকে ১০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যও রয়েছে। স্বয়ংক্রিয় ব্যবস্থা ও ডিজিটাল সেবা চালুর মাধ্যমে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাস্টমস কার্যালয় এবং বন্দরে সশরীরে যাতায়াত অন্তত ৬০ শতাংশ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া আমদানি পণ্যের ঘোষণাপত্র জমা দেওয়ার প্রথম দিনেই শুল্কায়নের হার ৭১ শতাংশ থেকে ৮০ শতাংশে এবং রপ্তানি পণ্যের ক্ষেত্রে ৩৪ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এসব লক্ষ্য অর্জনে কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা কমিশনারেটের সক্ষমতা বাড়ানো, ঝুঁকিভিত্তিক পণ্য পরীক্ষার জন্য চালান নির্বাচনব্যবস্থার উন্নয়ন এবং পণ্য বন্দরে পৌঁছানোর আগেই শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ রয়েছে। পাশাপাশি পণ্য খালাস-পরবর্তী নিরীক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রকল্পের আওতায় বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার উন্নয়ন, অনুমোদিত অর্থনৈতিক অপারেটর কর্মসূচির সম্প্রসারণ এবং বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনায় সংস্কারের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি পাঁচ বছর মেয়াদি শুল্কহার যৌক্তিকীকরণ পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশের নামমাত্র সুরক্ষা হার ২০ শতাংশ কমানোর উদ্যোগেও সহায়তা করবে প্রকল্পটি।

নির্মাণকাজ নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ধাপে ধাপে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হচ্ছে। এরই মধ্যে শুল্কায়ন কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ সেখানে নেওয়া হয়েছে।

সহকারী কমিশনার শরীফ আল আমিন জানান, গত ২৯ অক্টোবর চট্টগ্রাম কাস্টম হাউসে মোট ২ হাজার ৫৫৬টি আমদানি পণ্যের ঘোষণাপত্র জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ৭৮টি ছিল বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতাভুক্ত। মোট ঘোষণাপত্রের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ এসব কার্যক্রম ইতোমধ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

কার্যক্রম নির্বিঘ্নে স্থানান্তর নিশ্চিত করতে এনবিআর, গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে কাস্টমস কর্তৃপক্ষ। এদিকে বিদ্যমান কাস্টমস ভবনে ব্যাংকিং সেবা দেওয়া সোনালী ব্যাংকের শাখাটিও বাকি কার্যক্রমের সঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।