দক্ষিণ পূর্ব

পাঁচ বছরে বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ০১:৫৮ দুপুর
পঠিত : ৪৬
পাঁচ বছরে বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনা

ছবি

Degchibarictg

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় আমদানি প্রায় ৬ শতাংশ বেড়েছে। দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে। বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে তিনি ইন্দোনেশিয়ায় এ দেশের ওষুধের বাজার সম্প্রসারণে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এ অঞ্চলের বন্দর, শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব। এ জন্য চট্টগ্রাম চেম্বার ও ইন্দোনেশিয়ার ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, সমুদ্রপথে যোগাযোগ ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠা জরুরি। ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে ইন্দোনেশিয়ার দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দেশটি থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ কয়লা, ক্লিংকার, পাম অয়েল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। বিশেষ করে বাংলাদেশের সিমেন্ট শিল্পের বিকাশে ইন্দোনেশিয়ার ক্লিংকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি কয়লা সরবরাহের মাধ্যমে দেশের জ্বালানি খাতেও অবদান রাখছে দেশটি।

তিনি বলেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী হালাল শিল্প ও পণ্য সরবরাহে শীর্ষস্থানীয়। এ খাতে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে যৌথ কিংবা একক ইন্দোনেশীয় বিনিয়োগের সুযোগ রয়েছে। হালাল খাদ্যশিল্প, শিল্পের কাঁচামালসহ সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ উদ্যোগ নেওয়া গেলে আগামী পাঁচ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।

বর্তমানে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের বড় ধরনের ঘাটতি রয়েছে উল্লেখ করে চেম্বার সভাপতি বলেন, এ ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে অন্তত এক বিলিয়ন ডলারের পণ্য আমদানির উদ্যোগ নিতে রাষ্ট্রদূতের সহযোগিতা প্রয়োজন। ইন্দোনেশীয় কোম্পানিগুলো বাংলাদেশি ব্যাংকের ঋণপত্র (এলসি) সরাসরি গ্রহণ না করায় ব্যবসায়ীদের তৃতীয় দেশের মাধ্যমে এলসি খুলতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হচ্ছে। এ সমস্যা সমাধানে দুই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু এবং ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ প্রতিষ্ঠার দাবি জানান চেম্বার সভাপতি।

চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে রেলওয়ের কোচ আমদানি করে। এ ক্ষেত্রে বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বাড়িয়ে ইন্দোনেশিয়ার সহযোগিতায় দেশেই রেল কোচ উৎপাদনের উদ্যোগ নেওয়া যেতে পারে।

সভায় অন্য বক্তারা বলেন, ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং মসলিন শাড়ি রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বাংলাদেশের সিমেন্ট, ইস্পাত ও বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে পশ্চাৎ-সংযোগ শিল্প গড়ে তুলতে ইন্দোনেশিয়ার একক ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান তাঁরা।

সভায় বক্তব্য দেন ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, চেম্বারের সাবেক পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, শহীদুল আলম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সাইনশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি এবং আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী।

এ সময় ইন্দোনেশিয়ার দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো, চেম্বারের সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার আমজাদ, সরোয়ার আলম খান, নুরুল ইসলাম, আসাদ ইফতেখার ও সেলিম নুর এবং ফিলিপাইনের অনারারি কনসাল মোহাম্মদ এ আউয়ালসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।