দক্ষিণ পূর্ব

১০০ শয্যার জেনারেল হাসপাতালে রূপ পাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ০১:৪৬ দুপুর
পঠিত : ৪৫
১০০ শয্যার জেনারেল হাসপাতালে রূপ পাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। সিআরবিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এনে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসীর জন্য সরকারি চিকিৎসাসেবার পরিধি বাড়বে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে বুধবার ঢাকার মিন্টো রোডে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সরকারি বাসভবনে তাঁর সঙ্গে একান্ত বৈঠক করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বৈঠকে রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এনে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে উন্নীত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

বৈঠকে হাসপাতালটির বিদ্যমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হলে হাসপাতালটিতে আধুনিক চিকিৎসাসুবিধা সম্প্রসারণ, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে।

বৈঠকে চট্টগ্রামের শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। এ লক্ষ্যে সীতাকুণ্ড এলাকায় শ্রমিকদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দিতে একটি ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শ্রমিকদের চিকিৎসাসেবা সম্প্রসারণে মোট ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উঠে আসে।

চট্টগ্রাম দেশের অন্যতম প্রধান বন্দরনগরী ও বাণিজ্যিক কেন্দ্র। নগরী ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। কিন্তু রোগীর তুলনায় সরকারি হাসপাতালের শয্যা ও চিকিৎসাসুবিধা সীমিত। এমন পরিস্থিতিতে রেলওয়ে হাসপাতালকে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নগরীর স্বাস্থ্যসেবা অবকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে চট্টগ্রামের শিল্পাঞ্চল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক, পরিবহনকর্মী ও সাধারণ মানুষের চলাচল রয়েছে। শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের জরুরি চিকিৎসা এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সীতাকুণ্ডে হাসপাতাল ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকার সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ার পাশাপাশি শ্রমজীবী মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজ হবে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া, অবকাঠামোগত প্রস্তুতি এবং জনবল নিয়োগের বিষয়গুলো সম্পন্ন করতে হবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।