দক্ষিণ পূর্ব

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিং কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ০৭:২০ সকাল
পঠিত : ৩১
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিং কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

Degchibarictg

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে রুল জারি করেছেন হাইকোর্ট। অনুসন্ধানাধীন বিষয়ে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা সংবাদ সম্মেলনে প্রকাশ করা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

গত ২ ও ১৩ সেপ্টেম্বর আসিফ মাহমুদকে নিয়ে দুদকের দেওয়া দুটি সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি নিজেই রিটটি দায়ের করেন। ওই দুই সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল দুদক।

রিট আবেদনে বলা হয়, অনুসন্ধানাধীন কোনো বিষয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা সংবাদ সম্মেলনে প্রকাশ করা এবং তা গণমাধ্যমে প্রচার করা বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত। এ ধরনের বক্তব্যের মাধ্যমে মানহানির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।

রিটে অনুসন্ধানাধীন বিষয়ে মানহানিকর বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ইতোমধ্যে প্রচারিত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে সমান গুরুত্ব দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিটটি দায়ের করেন আসিফ মাহমুদ। গত ৪ নভেম্বর রিটের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। বুধবার শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।