দক্ষিণ পূর্ব

এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ০৬:৩৫ সকাল
পঠিত : ৩৯
এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

ছবি

Degchibarictg

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে চায় দেশটি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সম্ভাব্য সহযোগিতা, বিশেষ করে নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের জনগণের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান।

বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তুরস্কের ফার্স্ট লেডি। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যের ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

শামা ওবায়েদ বলেন, ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের স্বাস্থ্যগত ও সামাজিক সংকটের বিষয়গুলো তুলে ধরেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবেশ সুরক্ষায় সরকারের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের বিষয়েও তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেন তিনি।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শনের স্মৃতিচারণ করেন এমিনে এরদোয়ান। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে তুরস্ক। সংকটের টেকসই সমাধান হিসেবে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিনিয়ত নানা স্বাস্থ্যগত ও সামাজিক ঝুঁকির মুখে পড়ছেন। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং মাতৃস্বাস্থ্যের চ্যালেঞ্জগুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।

এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। বিশেষ করে প্রান্তিক নারীদের স্বাস্থ্যঝুঁকি কমানো ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে দুই দেশ যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: বাসস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।