ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আরব—এমন দাবি করেছে হুথি গোষ্ঠী। হুথি নেতাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
হুথি নেতারা জানিয়েছেন, গত কয়েক দিনে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করে সৌদি বিমান অভিযান ব্যাপকভাবে বেড়েছে। তাদের দাবি, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর—এই সাত দিনে প্রায় ৩০০টি বিমান অভিযান চালিয়েছে সৌদি বিমান বাহিনী।
এর আগে ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত যুদ্ধবিমানটির ভিডিও প্রকাশ করে গোষ্ঠীটি।
আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তীব্র হয়েছে। হুথিরা এর আগে সৌদি আরবের জ্বালানি খাত লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলভিত্তিক যায়িদি শিয়া মুসলিম গোষ্ঠী। ২০১৫ সাল থেকে উত্তর ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসা গোষ্ঠীটি পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ নিতে চায়। তাদের এই প্রচেষ্টার অন্যতম প্রধান প্রতিপক্ষ সৌদি আরব ও সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।