দক্ষিণ পূর্ব

কিশোর অপরাধ প্রতিরোধে সবাইকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৯ রাত
পঠিত : ২৫
কিশোর অপরাধ প্রতিরোধে সবাইকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুলিশ

চট্টগ্রাম জেলার ১৭টি থানার আওতাধীন এলাকায় কিশোর অপরাধ প্রতিরোধ এবং কিশোরদের সুস্থ, স্বাভাবিক ও ইতিবাচক জীবনে ফিরিয়ে আনতে পুলিশ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল স্টেকহোল্ডারকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

শনিবার রাতে এক বার্তায় জেলা পুলিশ জানায়, কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এজন্য অপরাধপ্রবণ এলাকা ও আড্ডাস্থল চিহ্নিত করে নজরদারি, তথ্য সংগ্রহ, কাউন্সেলিং এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জেলা পুলিশের মতে, অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব, অনলাইন কার্যক্রম ও আচরণগত পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের চিহ্নিত করে কাউন্সেলিং, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এলাকাভিত্তিক খেলাধুলা, সাংস্কৃতিক ও কিশোর উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইমাম ও ধর্মীয় নেতাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া সামাজিক, স্বেচ্ছাসেবী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে কিশোরদের দক্ষতা উন্নয়ন, খেলাধুলা ও সেবামূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদেরও ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থান যেন কিশোর অপরাধের আড্ডাস্থলে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

সচেতন নাগরিক ও কমিউনিটি পুলিশিং সদস্যদের কিশোর অপরাধ, মাদক ও সংঘবদ্ধ আড্ডা সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমকে কিশোর অপরাধ প্রতিরোধ, সচেতনতা এবং সফল পুনর্বাসনের ইতিবাচক বার্তা প্রচারের আহ্বান জানানো হয়।

কিশোরদের উদ্দেশে জেলা পুলিশ মাদক, জুয়া, ইভটিজিং, মারামারি, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অপরাধপ্রবণ ব্যক্তি ও চক্রের সঙ্গে সম্পর্ক এড়িয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবা ও দক্ষতা উন্নয়নমূলক কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ আরও জানায়, অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের ক্ষেত্রে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সংশোধন ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করাও জরুরি। এজন্য কাউন্সেলিং, পারিবারিক তত্ত্বাবধান, শিক্ষা কার্যক্রমে পুনরায় অন্তর্ভুক্তি, কারিগরি প্রশিক্ষণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং মাদকাসক্ত কিশোরদের চিকিৎসা ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জেলা পুলিশ বলছে, কিশোরদের অপরাধী হিসেবে নয়, সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে বিবেচনা করে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষক, সমাজকর্মী ও পুলিশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা, প্রতিরোধ, সংশোধন ও পুনর্বাসনের মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও কিশোরবান্ধব সমাজ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।