চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে আবাসিক সিট বণ্টনের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন ছাত্রশিবিরের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদসহ শাখা, হল ও অনুষদ শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা গেছে, শাহজালাল হলে ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।
সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে—শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ, প্রচলিত নীতিমালা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরাদ্দ দেওয়া সব সিট বাতিল, হলের সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তালিকা প্রকাশ এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা।
স্মারকলিপিতে আরও বলা হয়, সিট বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন বিবেচনায় না আসে, তা নিশ্চিত করতে হবে।
শাহজালাল হলের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।