দক্ষিণ পূর্ব

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: আবুল হাশেম বক্কর

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৭ দুপুর
পঠিত : ৪২
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: আবুল হাশেম বক্কর

ছবি

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিকভাবে পরাজিত শক্তি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের আশ্রয় নিয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা চলছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর তিন পুলের মাথা থেকে সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।

আবুল হাশেম বক্কর বলেন, রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার অংশ হিসেবে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন এবং আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।’ গত ১৭ বছরে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে এলাকাভিত্তিক তালিকা তৈরি করতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবতা, ন্যায়বিচার, উন্নয়ন ও অগ্রগতির পথে দেশ এগিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের পর দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই হবে না।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি। তাকে আসামি হয়েই দেশে ফিরতে হবে।’

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৃণমূলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।


কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলমগীর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইস্কান্দার মির্জা, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, মনজুর আলম মনজু, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, আবদুল বাতেন, রফিকুল ইসলাম, মো. ইকবাল, মোস্তাফিজুর রহমান বুলু, আজাদ বাঙ্গালী, শফিক আহমদ, আলী আব্বাস খান, দিদারুর রহমান লাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।