এইচএসসি পরীক্ষার ফল নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের অসন্তোষের চিত্র উঠে এসেছে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে। প্রকাশিত ফল পরিবর্তনের আশায় এবার ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি খাতা নতুন করে যাচাইয়ের আবেদন করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। বিষয়টির খাতা পুনর্নিরীক্ষণ চেয়েছেন ১১ হাজার ৬৬ জন শিক্ষার্থী।
আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানান।
বোর্ড সূত্র জানায়, গত ৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ দিন নির্ধারিত থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে সময় এক দিন বাড়ানো হয়। বর্ধিত সময় অনুযায়ী ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এতে সব মিলিয়ে ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি আবেদন জমা পড়ে।
বোর্ডের এবারের ফলাফলে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ইংরেজিতে ৩৪ হাজার ১৭৭ জন এবং আইসিটিতে ২৬ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী পাস করতে পারেনি। ইংরেজিতে অকৃতকার্যের হার ৩৪ দশমিক ২৩ শতাংশ, আইসিটিতে ২৬ দশমিক ৬৪ শতাংশ।
ফলাফলে ইংরেজি বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পাশাপাশি পুনর্নিরীক্ষণের আবেদনেও বিষয়টি শীর্ষে থাকায় শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়টি স্পষ্ট হয়েছে।
চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ১৬৬ জন। পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ।
গত ৩০ অক্টোবর প্রকাশিত এ ফলাফল গত প্রায় দুই দশকের মধ্যে বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে ছিল। ৫৪ হাজার ৬৭১ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৮২২ জন। অন্যদিকে ৪১ হাজার ৬৬৪ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৩৪৪ জন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।