চট্টগ্রামের পটিয়ায় বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে মালবোঝাই ট্রাকের চাপায় বেখম বড়ুয়া নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই চাচাতো ভাই পার্থ বড়ুয়া (৬) ও তীর্থ বড়ুয়া (৫) গুরুতর আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাচারিপুকুর এলাকায় পাঁচুরিয়া-মইজ্জারটেক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরলে নন্দন বড়ুয়া (৪০) তার সাত বছরের মেয়ে বেখম বড়ুয়া এবং দুই ভাতিজা পার্থ ও তীর্থকে মোটরসাইকেলে নিয়ে বের হন। পাঁচুরিয়া এলাকায় ঘোরাঘুরি শেষে তারা বাড়ির দিকে ফিরছিলেন।
পথে কাচারিপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বেখম বড়ুয়া ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় নন্দন বড়ুয়া ও তার দুই ভাতিজা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে পাঠান। এ সময় এলাকাবাসী ট্রাকটি আটক করে রাখেন।
খবর পেয়ে পটিয়ার কালারপোল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যান।
কালারপোল পুলিশ ফাঁড়ির এসআই মো. মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।