দক্ষিণ পূর্ব

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শনে ইরানের বিপ্লবী গার্ড

saiful
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৪ সকাল
পঠিত : ১৮
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শনে ইরানের বিপ্লবী গার্ড


ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বিশেষজ্ঞরা। সেখানে রাডার স্থাপন এবং পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজে সহযোগিতা ও তদারকির জন্য তাঁরা অঞ্চলটি পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) হুথিদের দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর বরাতে এএফপি জানায়, বিপ্লবী গার্ডের প্রতিনিধিরা বাব এল-মান্দেব এলাকা, মোখা নৌবন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বাঞ্চলে অবস্থিত জাবাল আল-নার ক্যাম্প পরিদর্শন করেন।

হুথিরা প্রায় দুই সপ্তাহ আগে মোখা দখলে নেওয়ার পর বাব এল-মান্দেব প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে ওই এলাকায় পাহাড়ের ভেতরে সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব কার্যক্রমে বিপ্লবী গার্ডের সদস্যরা সহযোগিতা ও তদারকি করছেন বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া মোখা এবং লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত জুকার দ্বীপে রাডার স্থাপনের কাজও শুরু হয়েছে। এসব রাডারের মাধ্যমে ড্রোন ও যুদ্ধবিমান শনাক্ত করার চেষ্টা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এদিকে ইয়েমেনের সরকারি বাহিনীর কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, বাব এল-মান্দেবের কাছে কাহবুব পাহাড়ি এলাকায় হুথি যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ তীব্র হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পাহাড়ি এলাকা থেকে বাব এল-মান্দেব প্রণালির ওপর নজরদারি করা সম্ভব।

গত জুলাই থেকে হুথি ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে লড়াই বেড়েছে। সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।