দক্ষিণ পূর্ব

সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল, সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ০৬:৫৪ সকাল
পঠিত : ৪৯
সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল, সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

ছবি

Degchibarictg

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শীর্ষ সন্ত্রাসী মো. ইয়াসিনের আস্তানায় গিয়ে ৭৪টি জমির বিক্রয় দলিল নিবন্ধনের ঘটনায় সাবেক সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর এ সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত এক আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী রায়হান হাবিবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, সীতাকুণ্ডের সলিমপুর মৌজায় মোট ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি বিক্রির জন্য গত ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ৭৪টি দলিল নিবন্ধন করা হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর এক দিনেই ৬৫টি দলিল সম্পাদন করেন তৎকালীন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। অভিযোগ রয়েছে, এসব দলিল নিবন্ধনের জন্য তিনি সরাসরি ইয়াসিনের আস্তানায় উপস্থিত হয়েছিলেন।

জঙ্গল সলিমপুরের আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের বিরুদ্ধে হত্যা-সহ অন্তত ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি র‌্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলারও আসামি। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৮ অক্টোবর ইয়াসিনের আস্তানায় গিয়ে বিপুলসংখ্যক জমির দলিল নিবন্ধনের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে তাঁর বদলির আদেশও সাত দিনের জন্য স্থগিত করা হয়েছিল।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম জানিয়েছিলেন, ২১টি মামলার আসামি একজন শীর্ষ সন্ত্রাসীর আস্তানায় গিয়ে জমির দলিল নিবন্ধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানানো হয়েছিল কি না, সেটিও তদন্তের বিষয় বলে জানান তিনি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।