দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৮ রাত
সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
পঠিত : ১৫
চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত

ছবি

চট্টগ্রামের উন্নয়ন ও দেশের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করলেই হবে না; নিজের শহর, সমাজ ও দেশের জন্য কী করা যায়, সেই চিন্তাও শিক্ষার্থীদের মধ্যে থাকতে হবে। মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে আরও সমৃদ্ধ করতে হবে।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে গাজী কে ডি ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসিতে ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, তোমরাই ভবিষ্যতের চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, উদ্যোক্তা ও রাষ্ট্রের নেতৃত্বদানকারী মানুষ। জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৯১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। তখন দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল আটটি এবং আসন ছিল প্রায় ১ হাজার ২০০। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে মেডিকেলে ভর্তি হতে হয়েছে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মেয়র বলেন, চিকিৎসা পেশায় মানুষের সেবা করার পাশাপাশি বৃহত্তর পরিসরে মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও। এ কারণে পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছেন তিনি।

চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলাকে নিজের লক্ষ্য উল্লেখ করে মেয়র বলেন, তরুণ প্রজন্মের জন্য নগরীতে উন্মুক্ত স্থান, পার্ক, খেলার মাঠ ও বিনোদনের সুযোগ বাড়ানো হচ্ছে।

তিনি জানান, এয়ারপোর্ট রোডে ২ দশমিক ২ কিলোমিটার সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ১১টি মাঠের কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্য মাঠগুলোও উন্নয়ন করা হবে। আগ্রাবাদে শিশুদের জন্য পার্কসহ নগরীর বিভিন্ন এলাকায় আরও সবুজ ও উন্মুক্ত স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের প্রযুক্তিগত সুবিধা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, ওমরগণি এমইএস কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মেয়র আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ‘মেয়র শিক্ষা বৃত্তি’ চালু করেছে। দেশের মেধাবী তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমিয়ে দেশেই তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন।

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বাসাবাড়িতে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।

তিনি বলেন, ‘তোমরাই এই শহরের সম্পদ, তোমরাই দেশের সম্পদ। তোমাদের মেধা, জ্ঞান, দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট নগরীতে এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব।’

গাজী কে ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও ইসমিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক জমির উদ্দিন, এমসিইও'র ফাউন্ডার আইমান সাদিক, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আনিসুল হোসেন বাবুল, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. এস এম সরোয়ার আলম, ব্যবসায়ী সাকিব কাদের চৌধুরী, ডা. সামিউলসহ সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।