চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এত সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘটনা এবারই প্রথম।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক বৃত্তি প্রদান ও হিসাব উপস্থাপন অনুষ্ঠান-২০২৬’-এ শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। এসময় সংগঠনের সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং সংগঠনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের সদস্য ও সংশ্লিষ্টরা অংশ নেন। বৃত্তি প্রদান শেষে ‘উত্তরণ’-এর গত এক বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উত্তরণের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিফাত খান শিশির বলেন, 'আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করার অংশ হিসেবে বার্ষিক বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে। এ পর্যন্ত আমরা গত ৫ বছরে প্রায় চার হাজার শিক্ষার্থীকে সেবা দিয়েছি। অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহসহ বিভিন্ন সহায়তা করা হচ্ছে সংগঠনটির পক্ষ থেকে।
উল্লেখ্য, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তার লক্ষ্যে ‘উত্তরণ’ ২০২২ সালে কার্যক্রম শুরু করে। সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। বৃত্তি কার্যক্রমের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করছে সংগঠনটি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল, দেশনেত্রী খালেদা জিয়া হল, এফ রহমান হল ও শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীরা এই সহায়তা পাচ্ছেন। পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থাও করে ‘উত্তরণ’। এ ছাড়া রক্তদান কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্যসেবা এবং ‘উত্তরণ টিউশন সেবা’সহ বিভিন্ন শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।