দক্ষিণ পূর্ব

ক্লাস-পরীক্ষা বর্জন , পূর্ণ কর্মবিরতি

চুয়েটে ষষ্ঠ দিনে গড়াল উপাচার্য পুনর্বহালের আন্দোলন

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪২ সকাল
পঠিত : ৫
চুয়েটে ষষ্ঠ দিনে গড়াল উপাচার্য পুনর্বহালের আন্দোলন

ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো চলছে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণ কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চুয়েটের প্রধান ফটকের সামনে কমপ্লিট শাটডাউন ও কঠোর অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে।

এদিকে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। উপাচার্য পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনের অংশ হিসেবে আজ শিক্ষার্থীদের আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। দুপুরে অনুষ্ঠিত হবে প্রতীকী ‘প্রশ্নযাত্রা’। এতে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ‘৫৬?’ লেখা একটি করে কাগজ থাকবে। সম্মিলিতভাবে এসব কাগজ প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি পালন করবেন তারা।

এরপর অনুষ্ঠিত হবে পথনাট্য ও ‘৫৬ কর্ণার’ কর্মসূচি। সেখানে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম উপাচার্যের দায়িত্ব পালনকালে ৫৬ দিনে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এছাড়া থাকবে ‘স্মৃতি বোর্ড’। সেখানে সাবেক উপাচার্যের সঙ্গে নিজেদের স্মৃতি লিখে রাখার পাশাপাশি তাঁর সঙ্গে তোলা প্রিয় মুহূর্তের ছবিও পিন করার সুযোগ থাকবে শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর আগে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।